Murder

পূর্ব বর্ধমানের এক রাত নিখোঁজের পর উদ্ধার বৃদ্ধার দেহ, গয়নার লোভে খুনের অভিযোগ

পরিবারের অভিযোগ, সোনার গয়নার লোভেই তাঁকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৪:২২

এক রাত নিখোঁজ ছিলেন বৃদ্ধা। বাড়ির পাশ থেকে তাঁরই মৃত দেহ উদ্ধার হলো। মৃতের ছেলের দাবি, তাঁর মায়ের গলায়, হাতে, কানে সোনার গয়না ছিল। সেই লোভেই তাঁকে খুন করা হয়েছে। মৃতের নাম লক্ষ্মী ঘোষ (৬৪)। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের নশরতপুর পঞ্চায়েতের জালুইডাঙার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার বাড়ির পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

সকালে বাড়ির পাশেই এলাকার লোকজন তাঁকে পড়ে থাকতে দেখেন। লক্ষ্মীর বড় ছেলে প্রকাশ ঘোষের দাবি, ‘সোমবার সারাদিন মাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল ছয়টা বা ছয়টা তিরিশ মিনিট নাগাদ পাশের বাড়ি থেকে ডেকে বলছে, তোর মা পড়ে আছে। মারা গিয়েছে। গিয়ে দেখি কান কাটা, হাতের বালা, দুল, হার নেই। মনে হচ্ছে গয়নার জন্যই খুন।’ প্রকাশ জানান, বাড়িতে বাবা আছেন, ভাই, ভাইয়ের বৌ আছেন। সোমবার সকাল সাড়ে নয়টা থেকেই খোঁজ ছিল না মায়ের। এর পরে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় এলাকায় খুঁজতে বেরোন বাড়ির লোকেরা। আশেপাশের বাড়িতে খোঁজ করেন। এই ঘটনায় কারা যুক্ত থাকতে পারেন, বুঝতেই পারছেন না তাঁরা।

তবে তাঁদের অনুমান, গয়না চুরির সঙ্গে যুক্তদের চিনে ফেলায় এই খুন। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share