PM Awas Yojna

আবাসের তালিকা ঘিরে উত্তেজনা, নদিয়ার পঞ্চায়েতে হইচই, ঘটনাস্থলে পুলিশ

পঞ্চায়েত প্রধানের অভিযোগ, বহিরাগতরা মাঝেমধ্যেই পঞ্চায়েত কার্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। রাস্তাঘাটেও তাঁকে কটূক্তি করেন।

বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েত।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৫:২৪

প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের তালিকা জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। নদিয়ার চাপড়া থানার বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সদস্য আসমান আলি সেখ একাধিক বুথের আবাস যোজনার তালিকা জমা দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পরে সংশ্লিষ্ট বুথগুলির সদস্যরা জানতে পারেন, তাঁদের বুথের তালিকাও ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত কার্যালয়ে বচসা শুরু হয়।

অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেই আসমান আলি সেখ সেখান থেকে বেরিয়ে যান। পঞ্চায়েত প্রধান রুপালি খাতুনের দাবি, কিছুক্ষণ পর কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে তিনি ফের পঞ্চায়েত কার্যালয়ে আসেন। সেই সময় তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ প্রধানের।

রুপালি খাতুনের আরও দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহিরাগতদের পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে আটকে রাখা হয়েছিল। পুলিশে খবর দেওয়া হয়। তখন পঞ্চায়েত ভবনের পিছনের দিক দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

পঞ্চায়েত প্রধানের অভিযোগ, ওই বহিরাগতরা মাঝেমধ্যেই পঞ্চায়েত কার্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। রাস্তাঘাটেও তাঁকে কটূক্তি করেন। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share