Mysterious Death

কৃষ্ণনগরের আবাসিক বিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, শৌচালয় থেকে উদ্ধার দেহ

শনিবার ভোরে ওয়ার্ডেন হস্টেলের শৌচালয়ে সঞ্জনাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০১:৪১

নদিয়ার কৃষ্ণনগরের একটি আবাসিক বিদ্যালয়ে সাত বছরের এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের হস্টেলের শৌচালয় থেকে ওই ছাত্রীর নিথর দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, শিশুটিকে খুন করা হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

মৃত ছাত্রীর নাম সঞ্জনা মণ্ডল (৭)। সে কৃষ্ণনগরের কুইনস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের আদি বাড়ি ভীমপুর থানা এলাকায়। তবে বর্তমানে কৃষ্ণনগরের সন্ধ্যা মাঠপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

বিদ্যালয় সূত্রে খবর, শনিবার ভোরে ওয়ার্ডেন হস্টেলের শৌচালয়ে সঞ্জনাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর দ্রুত তাকে উদ্ধার করা হয়। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার বাবা অনিমেষ কুমার সাহা জানান, গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর শুক্রবারই তিনি মেয়েকে হস্টেলে রেখে এসেছিলেন। পরদিন এমন খবর পেয়ে পরিবার কার্যত ভেঙে পড়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে উদ্বেগ ও শোকের পরিবেশ তৈরি হয়। পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছন। ইতিমধ্যে কৃষ্ণনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।


Share