Accident

নদিয়ার হাঁসখালিতে দুর্ঘটনা, ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে উল্টে গেল বাস, জখম একাধিক

নদিয়ার হাঁসখালির কাটাখালি এলাকায় কৃষ্ণনগর–রানাঘাট রুটের একটি যাত্রীবোঝাই লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি।
নিজস্ব সংবাদদাতা, হাঁসখালি
  • শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ০৩:০৬

আবার হাঁসখালিতে দুর্ঘটনা। জানা গিয়েছে, চলন্ত বাসটি রাস্তার ধারে ইলেকট্রিকের পোলে ধাক্কা মারে। এর পরেই উল্টে যায়। ঘটনায় বেশ কয়েক জন জখম হতেন বলে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রের খবর, কাটাখালি এলাকায় বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। বাসটি কৃষ্ণনগর-রানাঘাট রুটের। বাসটি রানাঘাট থেকে যাত্রী নিয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। সেই সময় হাঁসখালি থানা এলাকায় কাটাখালির কাছে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে বাসটি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে উল্টে পড়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রচুর যাত্রী ছিলেন। আচমকা দুর্ঘটনায় বাসের ভিতরে চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় অনেক যাত্রী আঘাত পান। তাঁদের মধ্যে কয়েক জনের চোট গুরুতর বলে জানা গিয়েছে। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। বাসের ভাঙা অংশ থেকে যাত্রীদের বের করে করা হয়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় হাঁসখালি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাঁদের চিকিৎসা শুরু করেছেন।

পুলিশের প্রাথমিক অনুমান বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনার কবলে পড়ে। তবে ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে।


Share