Theft

নবদ্বীপের ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দিরে চুরি, খোয়া গিয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহের একাধিক স্বর্ণালঙ্কার

জানা গিয়েছে, মন্দিরে নিজস্ব কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের রাস্তা ও এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা শুরু করেছে।

নবদ্বীপের ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দিরে দুঃসাহসিক চুরি।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ০১:৫০

নদিয়ার নবদ্বীপের পোড়ামাতলা এলাকার ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দির রয়েছে। এই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সন্ধ্যার সুযোগে মন্দিরে ঢুকে রাধাকৃষ্ণের বিগ্রহ থেকে একাধিক স্বর্ণালঙ্কার খুলে নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ঘটনার পর থেকেই এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

মন্দিরের সেবাইত পরিবারের সদস্যা শুভশ্রী গোস্বামী জানান, বুধবার সন্ধ্যা আনুমানিক পৌনে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় তাঁর মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। তাঁর বৃদ্ধ বাবা কানে কিছুটা কম শোনেন। তিনি ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। আর শুভশ্রী গোস্বামী প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই সদর দরজা ভেজানো থাকায় এক অজ্ঞাতপরিচয় যুবক মন্দিরে প্রবেশ করে।

হঠাৎ ঠাকুরঘর থেকে খসখস শব্দ শুনে শুভশ্রী গোস্বামীর মা সেইদিকে এগিয়ে যায়। উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দ্রুত মন্দির চত্বর থেকে পালিয়ে যায়। পরে ঠাকুরঘরে গিয়ে দেখা যায়, রাধারাণীর কানের বড় সোনার দুল ও টিকলি নেই। পাশাপাশি শ্যামসুন্দরের মাথার টিকলি এবং একটি কানের দুল টেনে ছিঁড়ে নিয়ে পালিয়েছে দুষ্কৃতী।

ঘটনার পর শুভশ্রী গোস্বামী বলেন, “এর আগে বহু বছর আগে এখানে একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছিল। কিন্তু ঠাকুরের গয়না চুরির মতো এমন ঘটনা কখনও ঘটেনি। আমরা সবসময় নিজেদের নিরাপদ মনে করতাম। ঠাকুরকে নিয়মিত গয়না পরানো থাকত। কিন্তু এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। এখন থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে।”

জানা গিয়েছে, মন্দিরে নিজস্ব কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের রাস্তা ও এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা শুরু করেছে।

খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। প্রাথমিক তদন্তের পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পোড়ামাতলার মতো একটি জনবহুল ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এলাকায় মন্দিরে চুরির এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করার দাবি তুলেছেন স্থানীয়রা।


Share