Special Intensive Revision

অসুস্থ বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যেতে বাঁধা, গুরুতর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অসুস্থ বিজেপি নেতাকে প্রাক্তন সাধারণ সম্পাদক সুরেশ সাউ এর গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, ঠিক তখনই তৃণমূল নেত্রী রুনা খাতুন তার দলবল-সহ গাড়িটিকে আক্রমণ করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে রুনা খাতুন।

অসুস্থ বিজেপির মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস
নিজস্ব সংবাদদাতা, বলাগড়
  • শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১১:০৭

অসুস্থ বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যেতে বাঁধা। তৃণমূল নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। গতকাল ফের 'ফর্ম ৭' জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির বলাগর। বুধবার বলাগর বিডিও অফিসের বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই বিক্ষোভেরই পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এর মধ্যেই দু’পক্ষের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়ে বিজেপির মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস। অভিযোগ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধা দেয় তৃণমূল কর্মীরা। 

বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে যায় বিজেপি। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যের শাসকদল ও প্রধান বিরোধী দলের একে অপরের বিরুদ্ধে এসটিকে রোডের ওপর এসে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের মাঝেই বিজেপির মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ বিজেপি নেতাকে প্রাক্তন সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, ঠিক তখনই তৃণমূল নেত্রী রুনা খাতুন তার দলবল নিয়ে গাড়িটিকে আক্রমণ করেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে রুনা খাতুন। 

ঘটনা প্রসঙ্গে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, "পুলিশ ও তৃণমূল একযোগে রাস্তায় এসে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে। বিডিও অফিসে শুনানি চলছে। সেই শুনানিকে বানচাল করার চেষ্টা করছে তৃণমূল।" তিনি আরও জানান, ভিডিও অফিসের সামনে মাইকিং করে ওরা বিক্ষোভ চালাচ্ছে। তারা চায় যেন ভুয়ো ভোটাররা এখানে থেকে যায়। এই ভুয়ো ভোটারের ফলে তৃণমূল সরকারে থাকতে চাইছে।

পাল্টা তৃণমূল কংগ্রেসের নেত্রী রুনা খাতুন বলেন, “বিজেপি কোনও আন্দোলন করতে আসেনি। তারা এসেছে বিডিও অফিসে গন্ডগোল করার জন্য। এসআইআর-এর নামে যে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে।”


Share