TMC Leader Arrested

অবৈধ জমি দখলের অভিযোগে গ্রেফতার বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধানের স্বামী সত‍্যরঞ্জন শীল ওরফে সোনা

পুলিশের দাবি, এফআইআর-এ নাম থাকা অভিযুক্ত সত্যরঞ্জন শীল ওরফে বাহুবলী একটি সম্পত্তি জবরদখলকারী চক্র পরিচালনা করতেন।

সত্যরঞ্জন শীল ওরফে সোনা
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০৯:১৬

হুগলি জেলার ব্যান্ডেল এলাকায় অবৈধভাবে জমি ও সম্পত্তি দখলের অভিযোগে বাঁশবেড়িয়া সত্যরঞ্জন শীল ওরফে 'সোনা'-কে পুলিশ গ্রেফতার করেছে। পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান অরিজিতা শীলের স্বামী এই সোনা। বাগুইআটি থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ১০ দিনের জন‍্য তাঁকে হেফাজতে পেয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুন চুঁচুড়া থানার দায়ের হওয়া মামলার ভিত্তিতেই সোনা শীলকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)- এর ৩১৮(৪), ৩১৬(২), ৩৩৮, ৩৩৬(৩), ৩৪০(২), ৩২৯(৩), ৩২৪(৪), ৩৫১(২), ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারাতেও এফআইআর দায়ের করা হয়েছে।

এলাকায় সত্যরঞ্জন শীল 'বাহুবলী' নামে পরিচিত। তৃণমূল জমানায় এলাকার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। পুলিশের দাবি, সত্যরঞ্জন শীল এফআইআরে নাম থাকা অন্যতম অভিযুক্ত। অভিযোগ, তিনি একটি জমি জবরদখলকারীদের চক্র পরিচালনা করতেন। ওই চক্রটি হুগলির ব্যান্ডেল এলাকায় একটি হোটেল, ইটভাটা এবং ইটভাটা-সংলগ্ন জমি অবৈধ ভাবে দখলের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

বাগুইআটি থেকে গ্রেফতারের পর মঙ্গলবার তাঁকে চুঁচুড়া আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে পেয়েছে।

এই চক্রের জট কতদূর এবং আর কারা যুক্ত রয়েছে, অবৈধ জমি দখলের অভিযোগে অন্য কোনও ব্যক্তির ভূমিকা রয়েছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।


Share