Baruipur Incident

'যা হয়েছে ঠিক হয়েছে, কর্মের ফল পেয়েছে' বারুইপুর ধর্ষন ও খুন-কাণ্ডে এনকাউন্টার প্রভাসের বিরুদ্ধে বিস্ফোরক দাবি মা ও স্ত্রীর

প্রভাসের স্ত্রীর সাফ কথা, “ও বরাবরই নোংরা। তাই এ কাজ ও করেনি এমন দাবি করতে পারব না। ও করতেই পারে। দোষ করেছে তাই গুলি খেয়েছে।”

প্রভাস মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ১২:৪৫

বারুইপুর ধর্ষন ও খুনের ঘটনায় অন‍্যতম অভিযুক্ত প্রভাস মন্ডলে এনকাউন্টার করেছে পুলিশ। পুলিশের পদক্ষেপে নিহতের পরিবার-সহ প্রত্যেকেই স্বস্তি পেয়েছে। প্রভাসের স্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “ও বরাবরই নোংরা। তাই এ কাজ ও করেনি, এমন দাবি করতে পারব না। ও করতেই পারে। দোষ করেছে তাই গুলি খেয়েছে।”

মঙ্গলবার রাতে এই ঘটনার পর বুধবার সকালেই পুলিশের তরফে প্রভাস মণ্ডলের বাড়িতে তার মৃত্যু সংবাদ পাঠানো হয়। বুধবার সকালে বাড়িতে প্রভাস মণ্ডলের এনকাউন্টের খবর পৌঁছোতেই তাঁর মা সন্ধ্যাদেবী বলেন, “পুলিশ এসে জিজ্ঞাসা করে, আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল? আমি বললাম— হ্যাঁ। তারপর বলল, আপনার ছেলে মারা গিয়েছে। আপনি দেখতে চান? আমি বলেছি, আমি দেখতে চাই না। আমরা কেউ যাব না। আপনারা যা করার করুন।” খানিকটা থেমে বলেন, “মেয়েটার সঙ্গে যা করেছে… ওর সঙ্গে যা হয়েছে ঠিক হয়েছে। কর্মের ফল পেয়েছে।” সন্ধ্যাদেবী জানান, বরাবর উশৃঙ্খল প্রভাস। মায়ের কথা কোনও দিনই শুনত না। ডুবে থাকত নেশায়।

প্রভাসের স্ত্রী বলেন, যা হয়েছে, ঠিক হয়েছে। তাঁরা কেউ দেহ নিতে যাবেন না। স্বামীর মৃত্যুর খবরে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রভাসের স্ত্রী। তাঁর সাফ কথা, “ও বরাবরই নোংরা। তাই এ কাজ ও করেনি এমন দাবি করতে পারব না। ও করতেই পারে, ও সব পারে। আমার বিয়ের পর কম অন্যায় করেনি। অত্যাচারও করেছে। সেই সব সহ্য করেই সংসার করেছি। দোষ করেছে তাই গুলি খেয়েছে।” তবে তিনি জানিয়েছেন, থানার তরফে দেহ গ্রহণ করার জন্য বলা হয়েছে, পরিবারের সকলে রাজি হলে তিনি যাবেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই মৃতের মা ও স্ত্রী থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

প্রসঙ্গত, বারুইপুরের ধর্ষণ ও খুন মামলার তদন্তে প্রথমেই প্রভাস মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার হয় বস্তাবন্দি নাবালিকার দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থল বারুইপুরের সূর্যপুরে প্রভাসকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল। সেই সময় অভিযুক্ত আচমকা এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় প্রভাসকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


Share