Road Accident

নেপালে পথ দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার যুবকের, বাড়ি ফিরল নিথর দেহ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মোটরবাইক নিয়ে বিভিন্ন রাজ্য ও দূরবর্তী এলাকায় ঘুরে বেড়ানোর অভ্যাস ছিল সুমনের।

মৃতের নাম সুমন মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৩:৪৫

বাইক নিয়ে দূর-দূরান্তে ভ্রমণ ছিল নেশা। সেই শখই কেড়ে নিল তরতাজা প্রাণ। নেপালে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম সুমন মন্ডল (২৫)। তিনি হাওড়ার শ্যামপুরের বকুলতলার বাসিন্দা। মঙ্গলবার রাতে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছোয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মোটরবাইক নিয়ে বিভিন্ন রাজ্য ও দূরবর্তী এলাকায় ঘুরে বেড়ানোর অভ্যাস ছিল সুমনের। সেই সূত্রেই তিনি সম্প্রতি নেপাল সফরে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে একজন বন্ধুও ছিলেন। তবে মাঝপথে ওই বন্ধু বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু সুমন একাই যাত্রা চালিয়ে যান।

গত শনিবার নেপালে তিনি একটি পথ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর নেপাল পুলিশ তাঁকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শনিবার দুপুরের পর থেকে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। ফলত তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বারবার ফোন করেও কোনও সাড়া মেলেনি। পরে নেপাল পুলিশের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। খবর পেয়েই পরিবারের সদস্যরা নেপালের উদ্দেশ্যে রওনা দেন।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্ত শেষ হওয়ার পর মঙ্গলবার রাতে সুমনের মরদেহ শ্যামপুরের বাড়িতে পৌঁছোয়। শেষবারের মতো তাঁকে দেখতে প্রতিবেশীরাও ভিড় জমান। সুমনের অকালমৃত্যুতে এলাকা জুড়ে গভীর শোক নেমে এসেছে।


Share