TMC Political Crisis

প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির অফিস থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, এলাকায় উত্তেজনা

বিজেপির দাবি, উদ্ধার হয়েছে ত্রিপল, কম্বল, গুরুত্বপূর্ণ নথি-সহ একটি কন্ডোমের প্যাকেটও। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১১:১১

আবারও সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে হাওড়ার বালটিকুরিতে শুক্রবার চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের তির রাজ‍্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির দিকে। অফিসের পাশের একটি ক্লাব থেকেও ত্রিপল, কম্বল-সহ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি জমিজমা সংক্রান্ত নথি ও দলিলও মিলেছে। বিজেপির অভিযোগ, অফিসের একটি ড্রয়ার থেকে একটি কন্ডোমের প্যাকেটও উদ্ধার হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত মনোজ তিওয়ারির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের খবর, এ দিন হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডলের একটি গোডাউন থেকেও বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগও ওঠে। এরপর দাশনগর-কাশীপুর এলাকায় মনোজ তিওয়ারির ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিপ্লব দে-র বাড়ির সামনে বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভে সামিল হন। বিজেপির দাবি, বিপ্লব দে যে ক্লাবের সঙ্গে যুক্ত, সেখান থেকেও ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। এ ছাড়াও, ওই জায়গা থেকে ছুরি, তরোয়াল এবং হকি স্টিকের মতো সামগ্রীও মিলেছে বলে অভিযোগ উঠে এসেছে।

ঘটনার পর মনোজ তিওয়ারির প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন ধরেননি। অন্য দিকে, প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন ‘‘এই সমস্ত ত্রাণ যে মজুত রয়েছে, তা প্রশাসনকে আগেই জানানো হয়েছিল।’’ তাঁর অভিযোগ, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা করা হচ্ছে।’’

পাল্টা বিজেপি নেতা মনোজ গোস্বামী বলেন, ‘‘সাধারণ মানুষকে ত্রাণ বিলি না করে বেআইনি ভাবে খোলাবাজারে বিক্রি করার জন্য সেগুলো মজুত করা হয়েছিল।’’ তিনি আরও অভিযোগ করেন, ‘‘প্রাক্তন মন্ত্রীর অফিসে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে।’’


Share