Ram Navami Arson

গ্রেফতার প্রাক্তন সাংসদের স্বামী, রিষড়ায় ২০২৩ সালের রামনবমীতে হিংসার ঘটনার সাকির আলিকে হেফাজতে নিল এনআইএ

২০২৩ সালের রিষড়া রামনবমী হিংসার ঘটনায় তৃণমূলের প্রাক্তন সাংসদ আফরিন আলির স্বামী তথা রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলিকে গ্রেফতার করল এনআইএ। মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।

গ্রেফতার তৃণমূল নেতা সাকির আলি।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০১:৪৬

২০১৩ সালে হুগলির রিষড়ায় রামনবমীতে হিংসার ঘটনায় তৃণমূলের প্রাক্তন সাংসদ আফরিন আলির স্বামীকে গ্রেফতার করল এনআইএ। ধৃতের নাম সাকির আলি। তিনি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করানো হবে।

মঙ্গলবার সকালে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ আফরিন আলির রিষড়ার বাড়িতে জাতীয় তদন্তকারী সংস্থার তদন্তকারীরা তল্লাশিতে যান। ২০২৩ সালের রিষড়ায় রামনবমীর দিনে হিংসার ঘটনায় তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে। এনআইএ সূত্রের খবর, ঘটনার দিনে বেশ কিছু ভিডিয়ো ফুটেজ তাঁদের হাতে এসেছে। পুলিশ এলাকার কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছিল। তা এনআইএয়ের আধিকারিকেরা খতিয়ে দেখেছেন। পাশাপাশি, বাকি অভিযুক্ত এবং সাকিকের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়েছে। ঘটনার দিনে তিনি ওই এলাকার কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন তা জানতেই সাকিরকে জিজ্ঞাসাবাদের জন্য সকালে রিষড়ার বাড়িতে এনআইএ গিয়েছে। তিনি তদন্তকারীদের প্রশ্নের জবাব ঠিকমতো দেননি। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘিরে রেখেছে।

উল্লেখ্য, ২০২৩ সালে ২ এপ্রিল রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হুগলির রিষড়া। ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রেল গেটের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই মামলার কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। ওই ঘটনায় মোট ছ’টি এফআইআর দায়ের করে এনআইএ। তৎকালীন তৃণমূল সরকারের পুলিশ তদন্তে সহযোগিতা করছে বলেও দাবি করে এনআইএ। তা নিয়েও কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়।

রিষড়ার যে বাড়িতে তল্লাশি চলছে, প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী সাকির সেখানেই রয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আফরিন আলি ওরফে অপরূপা পোদ্দার ২০১৪ ও ২০১৯ সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ নির্বাচিত হন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর স্বামী শাকির আলি বর্তমানে রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এই ঘটনায় এখনও পর্যন্ত আফরিন আলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share