TMC Leader Arrested

বিজেপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুঠের অভিযোগে ধনেখালির ছয় তৃণমূল নেতা-কর্মী গ্রেফতার

অভিযোগকারী মনোজিৎ গুইনের দাবি, ঘটনার সময় এলাকায় আতঙ্কের পরিবেশ থাকায় অভিযোগ দায়ের করতে পারেননি। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর, গত ১ জুলাই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ধনেখালির ছয় তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, ধনেখালি
  • শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৪:৪৬

২০১৮ সালের একটি পুরনো মামলায় এবার গ্রেফতার হলেন ধনেখালির ছয় তৃণমূল নেতা-কর্মী। বিজেপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো, অর্থ ও সোনার গয়না লুঠ-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই গুরাপ থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।

ধৃতদের মধ্যে রয়েছেন ধনেখালি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহম্মদ হানিফ। গুরাপ গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত হাজরা, চন্দন কুমার, তৃণমূল কর্মী আনন্দ ব্যানার্জী-সহ মোট ছয় জন। বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালের অক্টোবর মাসে বিজেপি যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি মনোজিৎ গুইনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে একদল তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও গুরাপ এলাকায় তাঁকে রাস্তায় ঘিরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। তাঁর কাছ থেকে নগদ অর্থ ও সোনার গয়না লুঠ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারী মনোজিৎ গুইনের দাবি, ঘটনার সময় এলাকায় আতঙ্কের পরিবেশ ছিল। তাই তিনি থানায় অভিযোগ দায়ের করতে পারেননি। বর্তমানে রাজনৈতিক পালাবদল হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর, গত ১ জুলাই তিনি গুরাপ থানায় ওই ঘটনার বিস্তারিত উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে গুরাপ থানার পুলিশ তদন্তে নামে। অভিযুক্ত ছয় জনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আদালতে বিচারাধীন।


Share