Ramnavami Arson

পুলিশের কাজে বাধার অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ আফরিন আলির বিরুদ্ধে মামলা দায়ের, থানায় হাজিরার নির্দেশ

রিষড়ায় এনআইএ-র অভিযানের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ আফরিন আলির বিরুদ্ধে শ্রীরামপুর থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, তাঁকে আগামীকাল থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের সঙ্গে বচসা প্রাক্তন তৃণমূল সাংসদ আফরিন আলি।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১১:৪১

মঙ্গলবার রিষড়ায় পুরসভার তৃণমূল কাউন্সিলর সাকির আলির বাড়িতে এনআইএ-র অভিযান হয়। তাতে সাকির আলি গ্রেফতারও হয়। তঁকে রামনবমীর মিছিলে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সাকির আদতে বিহারের মুঙ্গেরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রী, আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ আফরিন আলি। 

তিনি এ বার আইনি জটিলতায় জড়ালেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শ্রীরামপুর থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, আগামীকাল তাঁকে শ্রীরামপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সাকির আলিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে থাকা পুলিশের সঙ্গে আফরিন আলির মধ্যে বচসা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে দাবি, আইনশৃঙ্খলা রক্ষা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে সহযোগিতার সময় বাধার মুখে পড়তে হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ করেছে। যদিও এই অভিযোগ নিয়ে আফরিনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share