Protest

কৃষ্ণনগর সদর হাসপাতালে গর্ভস্থ শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে প্রসূতির পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান এবং হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০১ আগস্ট ২০২৬ ০৭:৪৪

গর্ভস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে প্রসূতির পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। ঘটনাকে ঘিরে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবারের দাবি, কুলগাছি এলাকার ১৯ বছর বয়সি অন্তঃসত্ত্বা অঙ্কিতা সাধুখাঁকে গত মঙ্গলবার কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রসূতির মায়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথম তিন দিন তাঁর মেয়েকে খাবার দেওয়া হয়নি। পাশাপাশি, চিকিৎসাধীন অবস্থায় অঙ্কিতার উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দেয় বলে পরিবারের অভিযোগ।

শনিবার দুপুরে চিকিৎসকেরা অঙ্কিতাকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। এরপর এক নার্স এসে পরিবারের সদস্যদের জানান, গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, সরকারি হাসপাতালের উপর আস্থা রেখেই প্রসূতিকে ভর্তি করানো হয়েছিল।

এ দিকে, প্রসূতির পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর তাঁদের হাসপাতালে প্রবেশ করতে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। পরে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

যদিও এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি তুলেছেন প্রসূতির পরিবারের সদস্যরা।


Share