Narendra Modi

১৮ বছর পরে ১৮ জানুয়ারি, রবিবার সিঙ্গুরের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রধানমন্ত্রী তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। সেইগুলি-পূর্ব রেল সূত্রের খবর, কলকাতা (হাওড়া) – আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা (শিয়ালদহ) – বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা (সাঁতরাগাছি) – তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০১:৩৮

১৮ বছর আগে সিঙ্গুর থেকে টাটা চলে গিয়েছে। রবিবার ১৮ জানুয়ারি নির্বাচনের আগে হুগলির সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তার পরে দলীয় কর্মসূচীতে যোগ দেবেন। বিধানসভা নির্বাচনের আগে রাজ‍্যের শিল্পের উন্নয়ন নিয়ে বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

বিজেপি সূত্রের খবর, রবিবার দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার হেলিকপ্টারে করে দুপুর ২টো ৩৫ মিনিটে সিঙ্গুরে পৌঁছোবেন। দুপুর ২টো ৪৫ মিনিটে সিঙ্গুরে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকেই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। তার পরে বিজেপির জনসভায় যোগ দেবেন। আসন্ন নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে শিল্পের উন্নয়নের তারা কী কী কাজ করবে তা তিনি বলতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

রবিবার সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী ৮৩০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন। তার মধ্যে বলাগড়ে অভ্যন্তরীণ জলপথ পরিবহণ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। রোড ওভারব্রিজ-সহ বর্ধিত পোর্ট গেট সিস্টেমেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বালাগড়ে প্রায় ৯০০ একর এলাকা জুড়ে বিস্তৃত প্রকল্পটি তৈরি করা হবে। এটি আধুনিক কার্গো হ্যান্ডলিং টার্মিনাল হিসেবে তৈরী করা হবে। যার প্রস্তাবিত বার্ষিক ধারণক্ষমতা প্রায় ২.৭ লক্ষ টন। এই প্রকল্পের আওতায় দুটি পৃথক কার্গো হ্যান্ডলিং জেটিও নির্মাণ করা হবে- একটি কন্টেনারজাত কার্গোর জন্য এবং অন্যটি শুষ্ক ‘বাল্ক কার্গোর’ জন্য।

বালাগড় প্রকল্পের মূল লক্ষ্য হল, ভারী পণ্য পরিবহণকে শহরের যানজটপূর্ণ এলাকা থেকে সরিয়ে এনে কার্গো পরিবহণের দক্ষতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করা। এর ফলে কলকাতা শহরের সড়ক নিরাপত্তা আরও উন্নত হবে। যানজট এবং দূষণ কমবে । নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। এর ফলে যেমন পরিবহণ ব‍্যবস্থার উন্নতি হবে তেমনি আঞ্চলিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিজ উৎপাদকদের জন্য স্বল্প ব্যায়ে বাজারে প্রবেশের সুযোগকে আরও বৃদ্ধি করবে। এ ছাড়াও, এই প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মাধ্যমে সরঞ্জাম, টার্মিনাল পরিচালনা, পরিবহণ পরিষেবা, রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকাণ্ডে স্থানীয় মানুষ উপকৃত হবেন।

সিঙ্গুর থেকে কিছু রেল প্রকল্পেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়রামবাটি থেকে বড়গোবিন্দপুর হয়ে মায়াপুর পর্যন্ত নতুন রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই লাইন তারকেশ্বর–বিষ্ণুপুর রুটের রেল প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। ময়াপুর–জয়রামবাটি রুটে একটি নতুন ট্রেন পরিষেবাও তিনি পতাকা নেড়ে সূচনা করবেন। এর ফলে বাঁকুড়া জেলার বাসিন্দারা সরাসরি রেল সংযোগ পাবেন। যা নিত‍্যযাত্রী, ছাত্রছাত্রী ও তীর্থযাত্রীদের জন্য যাতায়াতকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।

এ ছাড়াও, প্রধানমন্ত্রী তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। সেইগুলি-পূর্ব রেল সূত্রের খবর, কলকাতা (হাওড়া) – আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা (শিয়ালদহ) – বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা (সাঁতরাগাছি) – তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।


Share