Wrong Treatment

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা! হাসপাতালের চেয়ার-টেবিল ভাঙচুর, অশান্তি কল্যাণী মেডিকেল কলেজে

জানা গিয়েছে, বিগত চার থেকে পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন লাল মহম্মদ মন্ডল। গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার তাকে কল্যাণী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

কল্যাণী মেডিকেল কলেজ।
নিজস্ব সংবাদদাতা, কল্যানী
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১২:০৫

ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর ঘটনা। নদিয়ার কল্যাণী মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম লাল মহম্মদ মন্ডল। পরিবারের অভিযোগ, সকাল বেলায় ভুল ওষুধের জন্যই তিনি মারা গিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। 

জানা গিয়েছে, বিগত চার থেকে পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন লাল মহম্মদ মন্ডল। গত পরশু দিন, বৃহস্পতিবার তাকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর থেকে কোনরকম চিকিৎসা পাওয়া যায়নি। মূল চিকিৎসকের বদলে ইন্টার্ন ডাক্তারেরা তার চিকিৎসা করছিল।

পরিবার সূত্রের দাবি, শুক্রবার গভীর রাতে রোগীর ফের জ্বর আসে। ওয়ার্ডে থাকা ডাক্তারকে জানাতে তিনি একটি ওষুধ খাইয়ে দেন। এর পরেই শুরু হয় রোগীর অস্বস্তি। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপরই সকালবেলায় হাসপাতালে  উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রের খবর, পরিবারের লোক হাসপাতালের থাকা চেয়ার, টেবিল-সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রোগীর পরিবার। 

মৃতের ছেলে সাইফুল মন্ডল বলেন, “পরিকল্পিত ভাবে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। ভুল ওষুধ প্রয়োগের কারণেই এই মৃত্যু হয়েছে। শুধু আমার বাবাই নয় এখানে অন্যান্য বহু রোগীর একইভাবে মৃত্যু হয়েছে।”


Share