Road Accident

কৃষ্ণনগরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু একজনের, আহত একাধিক

খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

গ্যাস বোঝাই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০২:২৩

নদিয়ার কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত পালপাড়া মোড় এলাকায় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। বহরমপুরগামী একটি গ্যাস বোঝাই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা কয়েকজন ছিটকে পড়েন।

আহতদের দ্রুত উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এক ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বীরভূম জেলার ময়ূরেশ্বর এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, পিকআপ ভ্যানটিতে মাছ বোঝাই ছিল। বীরভূম থেকে নৈহাটিতে মাছ নিয়ে আসছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।


Share