Mysterious Death

মহেশতলার ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু, পাশাপাশি শুয়ে থাকা দম্পতির দেহ উদ্ধার

ঘরের ভিতর ঘুমের ওষুধের খালি পাতা মেলায় প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা বলেই ভাবা হচ্ছে। আর্থিক চাপ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৪:২৫

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় শনিবার সকালে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু। বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হয় স্বামী-স্ত্রীর নিথর দেহ। ঘরের মধ্যেই পাওয়া গিয়েছে ঘুমের ওষুধের খালি পাতা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।

মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট ২০ ফুট এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম তন্ময় দে (৫৪) ও রুমা রক্ষিত দে (৪৮)। পাঁচ বছর আগে দু’জনের বিয়ে হয়। তারপর থেকেই তাঁরা ওই ফ্ল্যাটে ভাড়ায় থাকতেন। দু’জনেরই আগের সংসারের সন্তান রয়েছে। স্থানীয়দের কথায়, অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন ওই দম্পতি। কোনও দিন পারিবারিক অশান্তির কথা শোনা যায়নি। প্রতিদিন সকালে তাঁরা নিয়মিত হাঁটতে বেরোতেন। কিন্তু শনিবার সকালে দীর্ঘ সময় তাঁদের দেখা যায়নি। তাই স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় শেষ পর্যন্ত পুলিশে খবর দেওয়া হয়।

জিঞ্জিরাবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। তারপর খাটের উপর পাশাপাশি শুয়ে থাকা অবস্থায় দম্পতির দেহ উদ্ধার করে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

 তদন্তে জানা গিয়েছে, দম্পতির উপর আর্থিক দায়ভার ছিল। পুলিশের প্রাথমিক অনুমান সেই চাপ থেকেই তাঁরা এরম ভয়াবহ সিদ্ধান্ত নিতে পারেন বলে। যদিও মৃত্যুর নেপথ্যের আসল কারণ জানতে দেহ দু’টির ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।


Share