Suicide

ভিডিয়ো কলে কথা বলার মাঝেই আত্মঘাতী নাবালিকা, প্রেমিকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ

পরিবারের আরও দাবি, অতীতেও ওই যুবক নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। সেই মানসিক আঘাত ও অপমান সহ্য করতে না পেরেই কিশোরী এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী
  • শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৯:০৯

প্রেমের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এক নাবালিকার মৃত্যু হয়েছে। নদিয়ার কল্যাণীতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, প্রেমিকের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সময়ই গলায় ফাঁস দিয়ে ওই কিশোরী আত্মঘাতী হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অত্যাচার ও অপমানের শিকার হওয়ার ফলেই এমন ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার বাসিন্দা। শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ বাড়ির সিঁড়িঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে কল্যাণী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে উদ্ধার করে তাকে জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। যুবকের বাড়ি কল্যাণীর কাঁঠালতলা এলাকায়। শুক্রবার বিকেলে ফোনে কথা বলার সময় যুবকটি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অপমান করে। পরিবারের আরও দাবি, অতীতেও ওই যুবক নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। সেই মানসিক আঘাত ও অপমান সহ্য করতে না পেরেই কিশোরী এই সিদ্ধান্ত নিয়েছে বলে তাঁদের অনুমান।

ঘটনার পর পরিবারের সদস্যরা দেখতে পান, যেখানে নাবালিকা আত্মঘাতী হয়েছে তার ঠিক নিচেই পড়ে রয়েছে মোবাইল ফোনটি। তাতে ভিডিও কল চালু ছিল। পরিবারের দাবি, ভিডিও কলের অপর প্রান্তে অভিযুক্ত যুবকই ছিলেন।

ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মোবাইল ফোনের তথ্য ও ভিডিয়ো কলের সূত্র ধরে তদন্ত শুরু করেছে। ঘটনার সময় ভিডিয়ো কলে ঠিক কে ছিলেন এবং ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে কল্যাণী থানার পুলিশ।


Share