Suicide

প্রেমের সম্পর্কে ভাঙন, কল্যাণীতে আত্মঘাতী কিশোরী, পলাতক অভিযুক্ত

পরিবার সূত্রে অভিযোগ, প্রেমিক সৌরভ হালদারের সঙ্গে বিবাদের জেরে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কল্যানী
  • শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৩:১৯

প্রেমের সম্পর্কে ভাঙনকে কেন্দ্র করে বিপত্তি। ঘটনায় আত্মঘাতী এক কিশোরী। নদিয়ার কল্যাণী থানার কল্যাণী পৌরসভার চাঁদামারী ১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় ঘটনাটি ঘটেছে।

মৃত কিশোরীর নাম বর্ষা মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর মুরাতিপুর এলাকার সৌরভ হালদার নামে এক যুবকের সঙ্গে প্রায় দু’বছর ধরে বর্ষার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই যুবকের অন্য মেয়েদের সঙ্গে যোগাযোগকে কেন্দ্র করে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। সম্পর্কের অবনতি ঘটে বলে অভিযোগ। 

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে বর্ষা পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি মেলায় গিয়েছিল। সেখানেই সৌরভের সঙ্গে তার দেখা হয়। এরপর গভীর রাতে সৌরভ বর্ষাদের বাড়িতে এসে গালিগালাজ ও হুমকি দেয়। এই ঘটনার কিছুক্ষণ পর বাড়ির সদস্যরা বর্ষাকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সৌরভ হালদার পলাতক। ইতিমধ্যে নদিয়া জেলা পুলিশের পক্ষ থেকে তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পরিবারের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হোক। তার কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। দেহ ময়নাতদন্তে পাঠান হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।


Share