Road Damaged

মাঝ রাস্তায় ধস চুঁচুড়ায়, পাইপ লাগানোর সময় মাটি চুরির অভিযোগ স্থানীয়দের

শনিবার সকালে চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিশালক্ষ্মীতলার রাস্তায় আচমকাই ধস নামে। রাস্তায় তৈরি হয়ে যায় বড়সড় গর্ত। এই রাস্তাটি পিপুলপাতি থেকে ইমামবাড়া হাসপাতাল, জেলা শাসক দফতর, পুলিশ কমিশনার অফিস, আদালত, ঘড়ির মোর, লঞ্চঘাট যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০১:৪১

মাঝ রাস্তায় নামল ধস। কয়েক মাস আগে ওই একই জায়গায় ধস নামার ঘটনা ঘটেছিল। চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিশালক্ষ্মীতলায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা তৈরির সময় বেআইনি ভাবে মাটি বিক্রি করে দেওয়া হয়েছে। তার ফলেই এই বিপত্তি হয়েছে।

শনিবার সকালে চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিশালক্ষ্মীতলার রাস্তায় আচমকাই ধস নামে। রাস্তায় বড়সড় গর্ত তৈরি হয়ে যায় । এই রাস্তাটি পিপুলপাতি থেকে ইমামবাড়া হাসপাতাল, জেলা শাসক দফতর, পুলিশ কমিশনার অফিস, আদালত, ঘড়ির মোর, লঞ্চঘাট যাওয়ার জন্য ব্যবহার করা হয়। দুর্ঘটনার এড়াতে ট্রাফিক পুলিশ গার্ড রেল দিয়ে রাস্তা আটকে দিয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস আগে রাস্তার তলায় পাইপ লাইন বসানোর কাজ করেছিল কেএমডিএ। তখন ঠিকমতো মাটি ফেলে ভরাট না করেই ওপর দিয়ে পিচ দিয়ে দেওয়া হয়েছে। বেআইনি ভাবে সেখান থেকে মাটি চুরি হয়েছে গিয়েছে। সেই কারণেই এই ধস নেমেছে বলেও দাবি করেন স্থানীয়েরা।

তবে এই অভিযোগ মানতে চাননি পুরপ্রধান সৌমিত্র ঘোষ। তিনি বলেন, আমি স্থানীয় মানুষের অভিযোগের প্রতিবাদ করছি না। তাঁর মতে, মাটি চুরির হলেও কেএমডিএ বালি ফেলে জায়গা ভরাট করে দিয়েছিল। তারপর ভালো করে রাস্তা তৈরি করে দিয়েছে। রাস্তা তৈরীর পর নীচ থেকে তো মাটি চুরি করা যাবে না। এখানে যদি কোনও ঘাটতি হয়ে থাকে সেটা কেএমডিএর কাজের ঘাটতি হয়েছে বলে দাবি করেন তিনি।


Share