Murder

ঘুমের মধ্যে এলোপাথাড়ি কোপ, নারায়ণগড়ে খুন কার্তিক, গ্রেফতার প্রতিবেশী

ঘুমন্ত অবস্থাতেই অভিযুক্ত কার্তিকের উপর এলোপাথাড়ি কোপাতে শুরু করে। আত্মরক্ষার সুযোগ পাননি কার্তিক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

নারায়ণগড় থানা
নিজস্ব সংবাদদাতা, নারায়ণগড়
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪৭

ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে ঘিরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বারিকবাড় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কার্তিক শাসমল (৩৮)। ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়া সেরে স্ত্রীকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন কার্তিক। অভিযোগ, রাত গভীর হলে প্রতিবেশী অভয় হেমব্রম ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। ঘুমন্ত অবস্থাতেই অভিযুক্ত কার্তিকের উপর এলোপাথাড়ি কোপাতে শুরু করে। আত্মরক্ষার সুযোগ পাননি কার্তিক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কার্তিকের স্ত্রী চিৎকার শুরু করেন। তাঁর আর্তনাদে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি নারায়ণগড় থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অভয় হেমব্রমকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে খড়গপুর মহকুমা আদালতে তোলা হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্তের স্ত্রীর সঙ্গে কার্তিকের অবৈধ সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন অভয়। সেই ক্ষোভ থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।


Share