Student Clash

ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বালিগঞ্জ সায়েন্স কলেজ, ক‍্যান্টিনের ভিতরে ঢুকে ছাত্রদের মারধরের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

পুলিশ সূত্রের খবর, ঘটনায় এখনও এফআইআর দায়ের হয়নি। তবে একটি জেনারেল ডায়েরি নেওয়া হয়েছে। পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।

ছাত্র সংঘর্ষ বালিগঞ্জ সায়েন্স কলেজে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৭

পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত বালিগঞ্জ সায়েন্স কলেজ। অভিযোগ, ক‍্যাম্পাসের ক‍্যান্টিনের মধ্যে ঢুকে কয়েক জনকে বেধড়ক মারধর করা হয়েছে। এক ছাত্রীর শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ। বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁদের আরও অভিযোগ, কলেজ কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তাঁরা উদাসীন থেকেছেন।

ঘটনার সূত্রপাত গত পড়শু। সেখানে একটি পোস্টার লাগানো ছিল। এক পক্ষের অভিযোগ তা খুলে নেওয়া হয়েছে। যদিও দু’পক্ষের বচসা সেই সময় থেমে যায়। গতকাল বিকেলে কয়েকজন ছাত্রীছাত্রী কলেজের ক‍্যান্টিনে যান। অভিযোগ, সেই সময় সাত থেকে আটজন সেখানে এসে বেধড়ক মারধর করে। মাটিতে ফেলে লাথি, কিল, ঘুষি মারা হয়েছে বলেও অভিযোগ। এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক ছাত্রের পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি করা হয়েছে।

ঘটনায় তরুণী বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে মুস্তাফিজুর হোসেন, শেখ রামিজ আখতার, রাহুল মন্ডল-সহ অজ্ঞাতপরিচয়দের কথা উল্লেখ করেছেন। তাঁদের অভিযোগ, মুস্তাফিজুর, শেখ রামিজেরা কলেজে যথেষ্ট প্রভাবশালী। তরুনী আরও দাবি, এই বিষয়ে তিনি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু বারেবারে তাঁরা ব‍্যবস্থা নেওয়ার প্রশ্নে উদাসীন থেকেছেন।

পুলিশ সূত্রের খবর, ঘটনায় এখনও এফআইআর দায়ের হয়নি। তবে একটি জেনারেল ডায়েরি নেওয়া হয়েছে। পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।


Share