Prasenjit Chatterjee

টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। এ বার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রাজনীতির ময়দানে দেখা যাবে? রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের তাঁর বাড়িতে যাওয়া সেই প্রশ্নকে আরও জোরালো করল।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৩

কথায় আছে রাজনৈতিক ব‍্যক্তিত্বরা যেখানেই যান সেখানেই রাজনীতি থাকে। পদ্মশ্রী সম্মান পেয়েছেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে দক্ষিণ কলকাতায় তাঁর বাড়িতে হাজির হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন।

কিছু দিন আগেই টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে। শনিবার দুপুরে প্রসেনজিতের বাড়িতে এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, তিনি পদ্মশ্রী পেয়েছেন। তাই তাঁকে সংবর্ধনা জানাতে তিনি এসেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অভিনেতাকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান। তবে এই বৈঠকের নেপথ্যে আর কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না তা এখনও পরিষ্কার নয়।

এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, “প্রধানমন্ত্রী আমাদের বুম্বাদাকে পদ্মশ্রী সম্মান দিয়েছেন। তিনি যে ভাবে এতো দিন বাংলা সিনেমাকে সেবা করেছেন তা নিয়ে আমরা গর্বিত। এখানে কোনও রাজনীতি নেই।” সুকান্তের কথায়, তিনি বাংলা সিনেমা ভালবাসেন। তাই বাংলা সিনেমা নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতির কোনও অভিনেতার সঙ্গে হয়নি।

সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। এ বার কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রাজনীতির ময়দানে দেখা যাবে? রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের তাঁর বাড়িতে যাওয়া সেই প্রশ্নকে আরও জোরালো করল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফে এই বৈঠকের বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য কিছু দিন আগে প্লেব‍্যক থেকে অবসর নিয়েছেন গায়ক অরিজিৎ সিংহ। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর হাতেখড়ি হবে কিনা তা নিয়ে জল্পনা এখনও চলছে। পরে তাঁর বাড়িতে আসেন বলিউড তারকা আমির খান। প্লেব‍্যাকে ফিরবেন কিনা সেই জল্পনাও টিকিয়ে রেখেছেন গায়ক অরিজিৎ সিংহ।


Share