Howrah Clash

বিরিয়ানি কেনা নিয়ে রণক্ষেত্র হাওড়া, একাধিক দোকান ভাঙচুর, এলাকায় ব্যাপক বোমাবাজি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল র‍্যাফ

অভিযোগ, ওই দুই যুবক এলাকায় বাইরে থেকে লোকজন ডেকা আনে। দোকান লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। ছোড়া হয়েছে কাচের বোতল। ভাঙচুর করা হয়। এমনকী, রাতভোর এলাকায় বোমাবাজি করা হয়েছে বলেও স্থানীয়েরা দাবি করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৮:৫৫

বিরিয়ানি কেনা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া। টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সেখানে বহিরাগতদের নিয়ে এসে একাধিক দোকানে ভাঙচুর চালানো হয়েছে। সারা রাত এলাকায় বোমাবাজি হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়েরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

হাওড়ার বেলিলিয়াস রোডে অনেক বিরিয়ানির দোকান রয়েছে। রবিবার রাতে সেখানকার একটি দোকানে আমির জিয়াউল এবং মহম্মদ শাহবাজ নামে দুই যুবক সেখানে বিরিয়ানি কিনতে আসে। সেই সময় বিরিয়ানি কেনা নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয়। কী কারণে বচসা তা নিয়ে স্পষ্ট করে মুখ খেলেনি কেউ। এর পরেই হাতাহাতি শুরু হয়।

অভিযোগ, ওই দুই যুবক এলাকায় বাইরে থেকে লোকজন ডেকা আনে। দোকান লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। ছোড়া হয়েছে কাচের বোতল। ভাঙচুর করা হয়। এমনকী, রাতভোর এলাকায় বোমাবাজি করা হয়েছে বলেও স্থানীয়েরা দাবি করেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাওড়া এবং টিকিয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র‍্যাফ টহল দিচ্ছে। আমির জিয়াউল এবং মহম্মদ শাহবাজ নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মারধর, খুনের চেষ্টা, বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

বেশ কিছুদিন আগে নিউটাউনে এমনই ঘটনা ঘটেছিল। বাকিতে বিরিয়ানি না দেওয়ায় দোকান মালিককে মারধরের অভিযোগ উঠেছিল কয়েক জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিউটাউনের সাপুরজির ওই দোকান মালিকের অভিযোগ, টাকা না দিয়ে ১০ প্লেট বিরিয়ানি দাবি করে। বাকিতে বিরিয়ানি না দেওয়ায় হয়েছিল হুমকি। পরে দোকান ভাঙচুরের অভিযোগ অজয় সর্দারের বিরুদ্ধে। মালিক রূপম বিশ্বাস দোকানে এলে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল।


Share