Road Accident

মৃতদেহ সৎকার করে ফেরার সময় বিপত্তি, পথ দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু, শোকের ছায়া রানাঘাটে

ফেরার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটি ও পাশের দেওয়ালে সজোরে ধাক্কা মারে।

রানাঘাট মহকুমা হাসপাতাল।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৯:০৯

নদিয়ার রানাঘাটে মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রানাঘাট থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাটের বলাগড় ঘাটে এক আত্মীয়ের মৃতদেহ সৎকার করে একটি মোটরবাইকে চার যুবক বাড়ি ফিরছিলেন। তাঁদের বাড়ি রানাঘাটের মাসুন্ডা এলাকায়। ফেরার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটি ও পাশের দেওয়ালে সজোরে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ বিশ্বাস জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই যুবককে দ্রুত রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছোনোর আগেই তাঁদের মৃত্যু হয়। পরে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের মধ্যে দু'জনের নাম সবুজ বিশ্বাস ও প্রতাপ প্রামাণিক। অপর দুই যুবক অমিত বিশ্বাস এবং সৌমেন হালদার। সকলেরই বয়স আনুমানিক ৩০ বছরের মধ্যে। বিশ্বজিৎ বিশ্বাস জানান, তিনি মৃত প্রতাপ প্রামাণিকের কাক। নিহতদের মধ্যে দু'জনের বাড়ি রানাঘাটের মাসুন্ডা গ্রামের পাশেই।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। কী কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে।


Share