TMC

ত্রাণ সামগ্রী কাণ্ড এ বার নদিয়ায়, ঘটনায় পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী-সহ এক মহিলা

মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগে তাঁকে ও তাঁর এক ঘনিষ্ঠ মহিলাকে আটক করা হয়েছে।

মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৯:৪১

ফের ত্রাণসামগ্রী লুটপাটের অভিযোগ। এ বার নদিয়ায় এমন কাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সেখানে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে ঘটনাকে ঘিরে কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তাঁর এক ঘনিষ্ঠ মহিলাকে পুলিশের আটক করেছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে তৃণমূলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখানে বেশ কিছু ক্ষণ তল্লাশি চালানো হয়। সেখান বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়। অভিযোগ, সরকারি ত্রাণসামগ্রী বণ্টনে অনিয়ম হয়েছে। কারচুপির সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। তারপর মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপর বাড়ির বিভিন্ন অংশে পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি চালানো হয়। তখনই নতুন তথ্য সামনে আসে বলে জানা যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় ভিড় জমাতে শুরু করেন। তাঁরা মন্ত্রীর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একই সঙ্গে মন্ত্রীর এক ঘনিষ্ঠ মহিলা, সুচরিতা ঘোষকেও ঘিরে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁকেও ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘ টানাপোড়েনের পর পুলিশ রাজ‍্যের প্রক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠ সুচরিতা ঘোষকে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় নদিয়ার রাজনৈতিক মহলে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ত্রাণসামগ্রী বণ্টনে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে শাসকদলকে বিরোধীরা কড়া ভাষায় আক্রমণ করেছে। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া ত্রাণসামগ্রীর উৎস এবং সেগুলি কীভাবে মন্ত্রীর বাড়িতে পৌঁছোল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।


Share