TMC Leader Arrested

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার চাকদহের প্রাক্তন যুব তৃণমূল নেতা

শুক্রবার রাতে গ্রেফতারের পর তাঁকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

যুব তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০৩:২৪

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ ওঠে এক যুব তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে। পরে ওই মহিলাকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতেই নদিয়ার চাকদহ থানার পুলিশ প্রাক্তন জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করল। ধৃতের নাম গৌরব (পদবি উল্লেখ নেই)। তাঁর বাড়ি চাকদহ শহরের পূর্বপাড়া কেবিএম এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগকারী মহিলা কল্যাণী ব্লকের শিমুরালি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর কালীতলার বাসিন্দা। তাঁর অভিযোগ, কিছুদিন আগে ফোনে গৌরবের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সূত্রে দু'জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন। পরে বিয়ে করতে অস্বীকার করেন। তার পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন বলেও তবে তরফে অভিযোগ উঠে আসে।

পরিস্থিতির জেরে অবশেষে তিনি চাকদহ থানার দ্বারস্থ হন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে। তদন্তের পর শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা বিচারাধীন রয়েছে।

ঘটনায় চাকদহ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


Share