Post Poll Violence

করিমপুরে বিজেপি কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ, জখম পাঁচ জন, এলাকায় মোতায়েন করা হল পুলিশ

জনকল্যাণ শিবির থেকে ফেরার পথে হামলায় অন্তত পাঁচ জন আহত হন। তাঁদের বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১১:৩৩

নদিয়ার করিমপুরে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ উঠল। ঘটনায় অন্তত পাঁচ জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার করিমপুর দুই নম্বর ব্লকের সাহেবপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে খবর, জনকল্যাণ শিবির থেকে বাড়ি ফেরার পথে একদল বিজেপি কর্মীর ওপর হামলা চালানো হয়। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে পরপর বোমা ছোঁড়ে। বিস্ফোরণে পাঁচ জন গুরুতর জখম হন।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে নদীডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

ঘটনার খবর পেয়ে থানারপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ দিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। তবে তৃণমূল কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। শাসকদলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।


Share