Fire Incident

নবাবহাটে নার্সিংহোমে আগুন, উদ্ধার ২০ রোগী, অসুস্থ দমকলকর্মী

বর্ধমান নার্সিংহোম অ্যাসোসিয়েশনের সদস্য আনিসুর মণ্ডল জানিয়েছেন, রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোনও আর্থিক চাপ দেওয়া হবে না।

আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দমকল কর্মী।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৫

সোমবার ভরদুপুরে পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকায় একটি নার্সিংহোমে আচমকা আগুন লেগে যায়। নার্সিংহোমটি ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে। নার্সিংহোমে আগুন লাগতেই কর্মীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ভিতরে তখন প্রায় ২০ জন রোগী ভর্তি ছিলেন। সেই সময় তাঁদের খাবার দেওয়ার কাজ চলছিল।

আগুন লাগার খবর ছড়াতেই স্থানীয় মানুষ ও আশপাশের অন্যান্য নার্সিংহোমের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। রোগীদের নিরাপদে বের করে নিয়ে আসা হয়। পরে তাঁদের নিকটবর্তী বিভিন্ন নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। আগুন নেভাতে দমকল কর্মীরা উদ্যত হন। আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গিয়েছে।

ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। বর্ধমান নার্সিংহোম অ্যাসোসিয়েশনের সদস্য আনিসুর মণ্ডল জানিয়েছেন, রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোনও আর্থিক চাপ দেওয়া হবে না। তিনি জানান, আপাতত সকলের সুস্থ হয়ে ওঠাই সবচেয়ে বড় লক্ষ্য।


Share