Special Intensive Revision

ফের নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল! শারীরিক ভাবে অক্ষম যুবককে এসআইআর শুনানিতে ডেকে হয়রানি

শ্রীরামপুর চাতরা লাহিড়ীপাড়ার বাসিন্দা সাম্য চ্যাটার্জি। ৫০ শতাংশ সেরিব্রাল পলসিতে আক্রান্ত। বিশেষ ভাবে সক্ষম সেই যুবককে সঠিক কারণ না দেখিয়ে ইআরও-র বিরুদ্ধে শুনানিতে ডাকা হয় বলে অভিযোগ।

শুনানিতে হাজিরা দিতে এলেন বিশেষভাবে সক্ষম সাম্য চট্টোপাধ্যায়।।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫

ফের নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল। সেরিব্রাল পলসিতে আক্রান্ত যুবককে এসআইআর শুনানিতে ডেকে হয়রানি করার অভিযোগ উঠল। কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়েই ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় ভোটার সাম্য চ্যাটার্জিকে। হুগলির শ্রীরামপুরে ঘটনাটি ঘটেছে।

শ্রীরামপুর চাতরা লাহিড়ীপাড়ার বাসিন্দা সাম্য চট্টোপাধ্যায়। ৫০ শতাংশ সেরিব্রাল পলসিতে আক্রান্ত। বিশেষ ভাবে সক্ষম সেই যুবককে সঠিক কারণ না দেখিয়ে ইআরও-র বিরুদ্ধে শুনানিতে ডাকা হয় বলে অভিযোগ। সাম্যর মায়ের অভিযোগ, তথ্যের অমিলের কারণ দেখিয়ে তাঁদের ডাকা হয়েছে। 

সাম্যর মা রিঙ্কু চট্টোপাধ্যায় বলেন, "শুনানি কেন্দ্রে এলে তাঁদের তাঁদেরকে ছেলের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে আসতে বলা হয়। সেটি এনে দেখালেও পরে বাবার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আনতে বলা হয়েছে। কিসের জন্য সমস্যা যা সঠিকভাবে জানানো হচ্ছে না।" 

সাম্য বাবা দেবাশিষ চট্টোপাধ্যায় বলেন, "ছেলে চলতে পারেনা। চোখে কম দেখে। ছেলের সব শংসাপত্র আনতে বলা হয়েছিল এনেছিলাম। এখন বলছে বাবার শিক্ষাগত যোগ্যতার প্রমান লাগবে।" দেবাশিস বাবুর আরও অভিযোগ, আমার এখন চৌষট্টি বছর বয়স। শংসাপত্র চাইছে। কোথায় আছে জানিনা। যদি খুঁজি না পাই তাহলে কিছু করার নেই।


Share