Drowning

ফুলিয়ার ভাগীরথীতে বিপত্তি, স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু এক কিশোরীর

স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে রানাঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ফুলিয়া
  • শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১১:২৪

নদীতে স্নান করতে নেমে বিপত্তি। জলে তলিয়ে প্রাণ হারালো এক কিশোরী। মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার ফুলিয়া এলাকায়। ফুলিয়ার বয়রা এলাকার ভাগীরথী নদীতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভর দুপুরে কয়েকজন কিশোরী একসঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নামে। তাঁদের মধ্যেই এক কিশোরী আচমকাই জলের স্রোতে তলিয়ে যায় । বিষয়টি বুঝতে পেরে অন্য কিশোরীরা চিৎকার শুরু করে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয়রা তড়িঘড়ি নদীতে নেমে কিশোরীকে খোঁজার চেষ্টা শুরু করেন। বেশ কিছুক্ষণ তল্লাশির পর অবশেষে তাঁকে নদী থেকে উদ্ধার করা হয়। তবে তখন কিশোরীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। দ্রুত তাঁকে নদিয়ার রানাঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় শেষ পর্যন্ত কিশোরীর মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, পুলিশ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ভর দুপুরে ভাগীরথী নদীতে কিশোরীর জলে ডুবে মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Share