Suiside

বেলুড়ের বহুতলের নীচ থেকে কলেজছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না অন্য কিছু—তদন্তে পুলিশ

পুলিশের প্রাথমিক অনুমান, গৃহশিক্ষিকার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়েই শিপ্রার মৃত্যু হয়েছে।যদিও আত্মহত্যা না অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বেলুড়
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৩:৪৯

হাওড়ার বেলুড়ে এক কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার বিকেলে বেলুড়ের করালিচরণ রোড সংলগ্ন একটি বহুতলের নীচ থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। মৃতের নাম শিপ্রা সিংহ (১৯)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো সোমবার দুপুরে গিরিশ ঘোষ রোডে গৃহশিক্ষিকার কাছে টিউশন পড়তে গিয়েছিলেন শিপ্রা। গৃহশিক্ষিকা ওই বহুতলেই থাকেন। বিকেলের দিকে আচমকাই স্থানীয়রা বহুতলের নীচে শিপ্রার নিথর দেহ পড়ে থাকতে দেখে। তারপর তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বহুতলের ছাদে শিপ্রার বইখাতা ভর্তি ব্যাগ এবং রেলিংয়ের উপর সাজানো জুতো উদ্ধার করে। এই প্রেক্ষিতে পুলিশের প্রাথমিক অনুমান, ওই ছাত্রীর ছাদ থেকে ঝাঁপ দিয়েই মৃত্যু হয়েছে। যদিও এটি আত্মহত্যা, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে অসুস্থতাজনিত কারণে শিপ্রার ছোট বোনের মৃত্যু হয়। সেই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তদন্তকারীদের ধারণা, পড়াশোনার চাপ ও পারিবারিক ট্রমা তাঁকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। তবে সোমবার টিউশন চলাকালীন কোনও অশান্তি বা অন্য কোনও ঘটনা ঘটেছিল কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


Share