Bomb Seized

রানাঘাটে বাড়ির সামনে উদ্ধার বোমা, পরিত্যক্ত ব্যাগের ভিতরে রাখা হয়েছিল বলে দাবি, তদন্তে পুলিশ

বাড়ির সামনে ব্যাগটি উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক পেশায় রাজমিস্ত্রি। তাঁর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্রের প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনাস্থল থেকে বোম উদ্ধার হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০৬:২২

ভোরের আলো ফুটতেই ফুলগাছের নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ওই পরিত্যক্ত ব্যাগ ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেই ব্যাগ থেকে বোমা উদ্ধার হয়।  রানাঘাট থানার অন্তর্গত রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। নতুন বোর্ড গঠনের প্রাক্কালে এই ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রেললাইনের (ভাঙা লাইন) ওপারের একটি বাড়ির সামনে ফুলগাছের মধ্যে রাখা একটি ব্যাগ রাখা ছিল। প্রথমে সেটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাঘবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে ব্যাগটি উদ্ধার করে তদন্ত শুরু করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতের অন্ধকারে কেউ ওই ব্যাগটি সেখানে রেখে কেউ পালিয়ে গিয়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। যে বাড়ির সামনে ব্যাগটি উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক পেশায় রাজমিস্ত্রি। তাঁর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্রের প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার তদন্তে ডিআইবির আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছোন। এলাকায় আরও কোনও বিস্ফোরক লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি অশোক বিশ্বাস নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।


Share