Body Recovery

নদিয়ার কৃষ্ণগঞ্জে পৃথক ঘর থেকে জোড়া মৃতদেহ উদ্ধার, রহস্যমৃত‍্যু ঘিরে জল্পনা, তদন্তে পুলিশ

নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া কুঠিরপাড়ায় একই বাড়ির দুটি পৃথক ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তি ও তাঁর ১১ বছরের ভাইঝির মৃতদেহ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৪ আগস্ট ২০২৬ ০১:২০

নদিয়ার কৃষ্ণগঞ্জে একই বাড়ির দুটি পৃথক ঘর থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া কুঠিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন সন্তু সর্দার (৫৪) এবং তাঁর ভাইঝি সুমনা সর্দার (১১)। সুমনা স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবারও সুমনা তার পিসেমশাই সন্তু সর্দারের বাড়িতেই ছিল। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা সন্তু সর্দারের ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একই সময়ে সুমনার খোঁজ না মেলায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সন্দেহ হয়।

জানা যায়, পাশের একটি ঘর বাইরে থেকে তালাবন্ধ ছিল। পরে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের তালা ভাঙা হয়। ঘরে ঢুকতেই সুমনার নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনের দেহ উদ্ধার করে। দেহ গুলিকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই দুই জনের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তদন্তকারীরা মনে করছেন।

সাতসকালে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


Share