TMC VS BJP

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ, শ্রীরামপুরে বিক্ষোভ বিজেপির

বিজেপি নেতৃত্বের অভিযোগ, কাউন্সিলর উত্তম রায় বিপুল পরিমাণ বেহিসাবি সম্পত্তির মালিক।

শ্রীরামপুর থানার সামনে বিজেপি কর্মী- সমর্থকরা বিক্ষোভও দেখান।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৯:৫৭

শ্রীরামপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও বেনামি সম্পত্তি গড়ে তোলার অভিযোগ উঠেছে। বিজেপি তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই দাবিতে বৃহস্পতিবার শ্রীরামপুর থানার সামনে বিজেপি কর্মী- সমর্থকরা বিক্ষোভও দেখান।

বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি শ্যামল বোস। এবং সাধারণ সম্পাদক হরি মিশ্রের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভের পর থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। তারপরে কাউন্সিলরের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, কাউন্সিলর উত্তম রায় বিপুল পরিমাণ বেহিসাবি সম্পত্তির মালিক। বিভিন্ন জায়গায় তাঁর হোটেল, লজ এবং একাধিক বাড়ি রয়েছে বলে বিজেপি দাবি করেছে। তাঁদের অভিযোগ, এই সম্পত্তিগুলি দুর্নীতির টাকায় গড়ে তোলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে বিজেপি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

উল্লেখ্য, এর আগেও শ্রীরামপুর পুরসভার সামনে উত্তম রায়ের বিরুদ্ধে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিজেপির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

অন্য দিকে, তৃণমূল কাউন্সিলর উত্তম রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সব সম্পত্তি ও ব্যবসা আইন মেনেই করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও তিনি দাবি করেছেন।


Share