Agitation Inside The Hospital

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে, চিকিৎসকের উপর হামলা, আটক এক

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর গ্রামীণ হাসপাতালে দেড় বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়েছে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে পরিবারের সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন এবং এক চিকিৎসককে চড় মারার অভিযোগ ওঠে।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর গ্রামীণ হাসপাতালে শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। তার জেরে বিক্ষোভে সামিল হল পরিবার। হাসপাতালের এক চিকিৎসককে চড়ও মারা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতি নেন চিকিৎসকেরা। ফলে হাসপাতালের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। 

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে জ্বর ও পেট খারাপের সমস্যা নিয়ে দেড় বছরের এক শিশুকে হাসপাতালে আনা হয়। ভর্তি করার পরই তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসকেরা প্রায় আধঘণ্টা ধরে নেবুলাইজার-সহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবুও শিশুটির অবস্থার কোনও উন্নতি হয়নি। তাই শিশুটিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পরিবার শিশুটিকে নিয়ে বেরনোর সময়ই তাঁর মৃত্যু হয়।

এর পরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের সদস্যেরা। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।অভিযোগ এক চিকিৎসক সৌরভ হালদারকে চড়ও মারার অভিযোগ ওঠে। হাসপাতালে পুলিশি নিরাপত্তার দাবি তোলেন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী।

ঘণ্টা পাঁচেক চিকিৎসকদের কর্মবিরতি চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। চিকিৎসকের উপর চড়াও হওয়ার অভিযোগে মৃত শিশুর দাদুকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share