Murder Case

মেমারিতে বিশেষভাবে সক্ষম সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

দিঘির পাড় থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত বাবা সোনালাল মাণ্ডিকে গ্রেফতার করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মেমারি
  • শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০২:০৭

বিশেষভাবে সক্ষম এক শিশুকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমান জেলার মেমারির মণ্ডলগ্রামে এমনই এক ভয়ঙ্কর ঘটনার কথা সামনে এসেছে। শিশুটিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনায় বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম সোনালাল মাণ্ডি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জন্ম থেকেই শিশুটি বিশেষভাবে সক্ষম ছিল। তার জন্মের কিছুদিন পরই শিশুটির মায়ের মৃত্যু হয়। ফলে বাবা শিশুটির দেখাশোনা করা নিয়ে সমস্যায় পড়েছিলেন। অভিযোগ, সন্তানকে লালনপালন করা তাঁর কাছে ধীরে ধীরে বোঝা হয়ে দাঁড়ায়। এমনকি জানা গিয়েছে, শিশুটিকে তিনি অনাথ আশ্রমে পাঠানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু তাতে সফল হননি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার নিজের সন্তানকে একটি দিঘির পাড়ে নিয়ে যান। তারপর সোনালাল সন্তানকে শ্বাসরোধ করে খুন করেন। সেখানেই দেহ ফেলে রেখে তিনি বাড়ি ফিরে আসেন।

পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা দিঘির পাড়ে শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তদন্তে নেমে পুলিশ মৃত শিশুর বাবাকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, তাতে তিনি নিজে খুনের কথা স্বীকার করেছেন। মেমারি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


Share