Harmanpreet Quits Captaincy

এ বার কি তিন ফরম্যাটে স্মৃতির হাতে টিম ইন্ডিয়া? বিশ্বকাপ জয়ের পরই বড় সিদ্ধান্ত! অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত

অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কউর। তিন ফরম্যাটেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ক্রিকেটার হিসেবে খেলবেন তিনি। নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মন্ধানার নাম সবচেয়ে বেশি আলোচনায়।

অধিনায়কত্ব ছাড়লেন বিশ্বকাপজয়ী হরমনপ্রীত কউর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০১:৫০

ভারতীয় মহিলা ক্রিকেটে বড়সড় পরিবর্তন। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন হরমনপ্রীত কউর। মঙ্গলবার, ৬ অক্টোবর, ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে নেতৃত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন হরমনপ্রীত। তাঁর জায়গায় তিন ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার নামই আপাতত সবচেয়ে বেশি আলোচনায়। যদিও BCCI-এর তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

এর আগে গুয়াহাটিতে হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা এবং হেডকোচ অমল মজুমদারের সঙ্গে BCCI সচিব দেবজিৎ সইকিয়ার বৈঠক হয়। সেখানে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছিল। বৈঠকের পরই হরমনপ্রীতের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সামনে আসে।

২০১২ সালে অস্থায়ী ভাবে প্রথম বার ভারতীয় দলের নেতৃত্ব পান হরমনপ্রীত। সেই সময় তাঁর নেতৃত্বে ভারত মহিলা টি-২০ এশিয়া কাপ জেতে। এরপর ২০১৬ সালে পূর্ণ সময়ের অধিনায়ক হন তিনি। তাঁর নেতৃত্বে ভারত ৫টি টেস্ট, ৫১টি ওয়ানডে এবং ১৫৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।

অধিনায়ক হিসেবে একাধিক নজিরও রয়েছে হরমনপ্রীতের। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৯২টি জয় পেয়েছেন তিনি। ওয়ানডে-তে ৫১ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় ৩০টি। ২০২৫ মহিলা বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জেতে ভারত। টেস্টে পাঁচ ম্যাচে নেতৃত্ব দিয়ে শেষ ম্যাচে লর্ডসের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পায় দল।

হরমনপ্রীতের অধিনায়কত্বে ভারত তিনটি এশিয়া কাপ, একটি বিশ্বকাপ, দু’বার এশিয়ান গেমসে সোনা এবং একবার কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতেছে। ২০২৬ এশিয়ান গেমসেও তাঁর নেতৃত্বে সোনা জেতে ভারত। সেই সাফল্যের পরই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।


Share