Road Accident

পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাইক-চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত তিন যুবক, আহত দু'জন

সোমবার রাতে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার দাঁতিয়া আউটপোস্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১২:১৪

পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। সোমবার রাতে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার দাঁতিয়া আউটপোস্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন যুবকের নাম শিবম গোপ (২৭), লুকেশ গোপ (২৭) এবং স্বপন গোপ (২৯)। তিনজনেরই বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একটি বাইকে করে ওই তিন যুবক বলরামপুর থেকে জামশেদপুরের দিকে যাচ্ছিলেন। দাঁতিয়া আউটপোস্টের কাছে পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার জেরে বাইকে থাকা তিন যুবকই গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

খবর পেয়ে দ্রুত বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শিবম গোপ ও লুকেশ গোপকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় স্বপন গোপকে পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় চারচাকা গাড়িতে থাকা বলরামপুর শহরের বাসিন্দা একলাখ হাসমি ও তাসীম আনসারীও আহত হয়েছেন। তাঁদেরও প্রথমে বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কীভাবে মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share