Body Recovery

হাতে ত্রিশূলের উল্কি, গলায় মহাকালের উত্তরীয়! কাশফুলের জঙ্গলে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ, তদন্তে শান্তিপুর থানার পুলিশ

সোমবার সকালে শান্তিপুরের গয়েশপুর আয়েশা ভাটার সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়।

ঘটনাস্থলে পুলিশ
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ০১:০০

কাশফুলের জঙ্গলের মধ্যে পড়ে ছিল এক যুবকের দেহ। সোমবার সকালে শান্তিপুরের গয়েশপুর আয়েশা ভাটার সংলগ্ন এলাকা থেকে ওই অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দেহটি স্থানীয়দের নজরে প্রথমে আসে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের হাতে ত্রিশূলের উল্কি ছিল। গলায় জড়ানো ছিল মহাকালের কালো উত্তরীয়। পরনে ছিল লাল রঙের পোশাক ও কালো প্যান্ট। তবে এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক তদন্ত শুরু হয়। কীভাবে ওই যুবকের মৃত্যু হল। কীভাবে তিনি ওই নির্জন কাশবনের মধ্যে পৌঁছোলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর পিছনে কোনও অপরাধের যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মৃত যুবকের পরিচয় জানতে আশপাশের থানাগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিভিন্ন সূত্রে শান্তিপুর থানার পুলিশ খোঁজখবর শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


Share