DG of West Bengal Police

রাজ‍্য পুলিশের ডিজি হিসেবে সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়াল এসিসি, সমাজমাধ‍্যমে ছড়িয়ে পড়া নির্দেশিকা নিয়ে তৈরি বিভ্রান্তি, কেন?

‍বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অপসারিত হন পীযূষ পান্ডে। তাঁর জায়গায় গত ১৬ মার্চ সিদ্ধনাথ গুপ্তকে রাজ‍্য পুলিশের ডিজি পদে বসায় নির্বাচন কমিশন। গত ৩০ এপ্রিল এই সিনিয়র আইপিএস অফিসারের চাকরির মেয়াদ শেষ হয়েও তাঁর পদে থাকার মেয়াদ আরও চার মাস বৃদ্ধি করা হয়।

রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১১:৫৭

সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি হল। তিনি আরও ছ’মাস রাজ‍্য পুলিশের ডিজির দায়িত্বে থাকবেন। আগামী ৩১ অক্টোবর চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল। তবে সমাজমাধ‍্যমে ছড়িয়ে একটি নির্দেশিকা ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যদি এই নির্দেশিকা সঠিক হয় তা হলে এই নিয়ে তিনি দু’বার চাকরির বাড়তে চলেছে।

কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ ও সংস্কার দফতরের একটি নির্দেশিকা সমাজমাধ‍্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে, বর্তমানে রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি পেয়েছে। আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত তিনি রাজ‍্য পুলিশের ডিজি পদে বহাল থাকবেন। তাঁর চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ অক্টোবর। ক‍্যাবিনেট কমিটি বা এসিসি এই নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে অনুমোদন দিয়েছে।

যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তা হল ফাইলের মেমো নম্বর। সিদ্ধনাথ গুপ্তকে গত ১৬ মার্চ নির্বাচন কমিশন রাজ‍্য পুলিশের ডিজি করে। নির্বাচনের পরে গত ২৭ এপ্রিল তাঁর চাকরির মেয়াদ শেষ হয়। তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে বহাল থাকার নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রকের মেমো নম্বর ছিল— 45020/15/2026-IPS-ii । মঙ্গলবার রাতে যে নির্দেশিকাটি সামাজমাধ‍্যমে ছড়িয়েছে সেটারও মেমো নম্বর — 45020/15/2026-IPS-ii । তবে আগের বারের তারিখ দেওয়া ছিল— ২৭.০৪.২০২৬ এ বারের তারিখ দেওয়া রয়েছে— ২১.০৯.২০২৬।

বিশিষ্ট মহলের বক্তব্য, একটা মেমো নম্বর একটা অনুরোধের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। দ্বিতীয় বার একই অনুরোধ করা হলেও মেমো নম্বর পরিবর্তন হওয়ার কথা। এ ক্ষেত্রে তা হয়নি। তাই এই নির্দেশিকা আপাতদৃষ্টিতে সঠিক বলে মনে হলেও আদলে তা নাও হতে পরে। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে আইপিএস মহলে আলোচনা শুরু হয়েছে।

তবে বর্তমানে রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত অত‍্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। তাঁর মেয়াদ আগামী ৩১ অক্টোবর শেষ হচ্ছে। ভবানী ভবন সূত্রে খবর, রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে হবে তার জন‍্য সাত জন ডিজি পদমর্যাদার আইপিএস অফিসারদের নাম ইউপিএসসিকে পাঠিয়েছে। নিয়ম অনুযায়ী, এই সাত জনের জনের মধ্যে তিন জনের নাম বেছে নেবে ইউপিএসসি। যোগ‍্যতা এবং সিনিয়রটির ওপরে ভিত্তি করেই তিন জনের নাম বেছে নিয়ে নবান্নকে পাঠানো হবে। তার পরেই রাজ‍্য সরকার তাঁদের মধ্যে একজনকে বেছে নেবে।


Share