Weather Update

পুজোর বাজারে বাধা বৃষ্টি, মঙ্গলবার সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণ, বুধবার ৮ জেলায় জারি হলুদ সতর্কতা

মঙ্গলবার সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বুধবার ৮ জেলায় জারি হলুদ সতর্কতা। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১০:৩২

পুজোর কেনাকাটায় বাদ সাধল বৃষ্টি। বর্ষা বিদায়ের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ থেকে এখনও পুরোপুরি সরেনি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মঙ্গলবার সন্ধ্যার পর কলকাতা, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামে। আচমকা বৃষ্টিতে সমস্যায় পড়েন অফিসফেরত মানুষজন। বুধবারও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সরকারি হিসাবে, দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের সময় ১০ অক্টোবর। ইতিমধ্যেই পাশাপাশি রাজ্যগুলিতে বর্ষা সরে যেতে শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গ থেকে এখনও পুরোপুরি বিদায় নেয়নি মৌসুমি বায়ু। তার প্রভাবেই আগামী দু’দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টা থেকে কয়েক ঘণ্টা কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার এবং সম্ভব হলে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আট জেলা হল— উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার পরিস্থিতির আরও কিছুটা বিস্তার ঘটতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জায়গায় একসঙ্গে ঝড়বৃষ্টি হবে না।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


Share