Weather Update

শেষমুহূর্তের পূজোর কেনাকাটায় বাধা! ফের বৃষ্টির ভ্রুকুটি, বুধবার-বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকেই পরিস্থিতির উন্নতি হবে, শনিবার থেকে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক হওয়ার সম্ভাবনা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১০:৫৫

পুজোর প্রস্তুতি তুঙ্গে। শেষে মুহূর্তে কেনাকাটার বহরও বাড়ছে। তবে বৃষ্টি কেনাকাটা ভেস্তে দেবে না তো? আপাতত তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ফের আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত মিলেছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে পুজোর মুখে ফের আবহাওয়া নিয়ে তৈরি হচ্ছে কিছুটা চিন্তা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একাধিক অক্ষরেখার প্রভাব রয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ, বিহার থেকে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত তিনটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিনও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনাও আরও কমতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে দু’-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে।

এদিকে, দেশের একাধিক অংশে বর্ষা বিদায়ের প্রক্রিয়াও শুরু হয়েছে। রাঁচি, রায়পুর ও বারামতির উপর দিয়ে রয়েছে বর্ষা বিদায় রেখা। বিহার ও ঝাড়খণ্ডের কিছু এলাকাতেও বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলায় বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।

কলকাতায় আপাতত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মূলত মেঘলা আকাশ থাকবে। দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯৭ শতাংশ।


Share