Hostel Runaway Found

‘পড়াশোনায় লাভ নেই’ চিঠি লিখে উধাও, মানমাডে মুম্বইগামী ট্রেন থেকে উদ্ধার দুই পড়ুয়া

শুক্রবার কোচবিহার থেকে পুলিশ দল, দুই ছাত্রের অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা মহারাষ্ট্রে রওনা হচ্ছেন তাদের ফিরিয়ে আনতে। যদিও ছাত্ররা উদ্ধার হয়েছে, পুরো ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯

কোচবিহারের একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজ হওয়া দশম শ্রেণির দুই ছাত্রের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের মানমাড রেলস্টেশন থেকে মুম্বইগামী একটি ট্রেনের সংরক্ষিত কামরা থেকে আরপিএফ তাদের উদ্ধার করে। তাদের কাছে রিজার্ভেশন টিকিটও পাওয়া যায়। একই ট্রেনে থাকা কোচবিহারের এক যাত্রী সমাজ মাধ্যমে নিখোঁজের খবর দেখে দু’জনকে চিনতে পেরে রেল পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই কোচবিহারে খবর পৌঁছোয়।

শুক্রবার কোচবিহার থেকে পুলিশ দল, দুই ছাত্রের অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা মহারাষ্ট্রে রওনা হচ্ছেন তাদের ফিরিয়ে আনতে। যদিও ছাত্ররা উদ্ধার হয়েছে, পুরো ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। নিখোঁজ হওয়ার আগে তারা বাবা-মায়ের উদ্দেশে চিঠিতে লিখেছিল, পড়াশোনা করে লাভ নেই, এখন কাজ করতে হবে, তাই চলে যাচ্ছে। হস্টেল থেকে পালানোর ঘটনা নতুন না হলেও, এমন বার্তা দিয়ে উধাও হওয়া বিরল বলেই চাঞ্চল্য ছড়ায়।

'দুই ছাত্রর খোঁজ মিলেছে। কোচবিহারে দেওয়ানহাটের একটি পরিবার ক্যান্সারের চিকিৎসার জন্য মুম্বই যাচ্ছিলেন। তাঁরাই ফোন করে বিষয়টি জানান।' তাঁর অনুমান, 'এর পিছনে হয়তো আরও অনেকে রয়েছেন। না-হলে রিজার্ভেশন টিকিট ওরা কোথায় পাবে!' এক নিখোঁজ ছাত্রের বাবা বলেন, 'নিউ কোচবিহার স্টেশন থেকে ওরা ট্রেনে উঠেছিল। মহারাষ্ট্রের আরপিএফ তাদের উদ্ধার করে নাসিক থানায় হস্তান্তর করেছে। আমরা মুম্বাই রওনা হচ্ছি।' কোতোয়ালি থানার এক আধিকারিক জানান, তাঁদের তিন সদস্যের টিম মহারাষ্ট্রে যাচ্ছে।


Share