Special Intensive Rivision

নির্দিষ্ট সময়েই শেষ হবে এসআইআর শুনানি! মেয়াদ বাড়ানো নিয়ে জল্পনা, জেলাগুলির আবেদন কমিশনে

অন্যদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে কার্শিয়ং ও মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় বৃহস্পতিবার নতুন করে মোট ৫০ জন এএইআরও নিয়োগের অনুমোদন দিয়েছে সিইও দফতর।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২৩

নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্যে এসআইআর শুনানি পর্ব শেষ করা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুধু সাধারণ মানুষই নন, প্রশাসনিক মহলেও এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কমিশন সূত্রে খবর, একাধিক জেলা থেকে শুনানির মেয়াদ আরও সাত দিন বাড়ানোর আর্জি রাজ্য সিইও দফতরের কাছে পৌঁছেছে। ফলে ৭ ফেব্রুয়ারির ডেডলাইন বাড়তে পারে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এতে গোটা এসআইআর প্রক্রিয়াই পিছোতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

অন্যদিকে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে কার্শিয়ং ও মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় বৃহস্পতিবার নতুন করে মোট ৫০ জন এএইআরও নিয়োগের অনুমোদন দিয়েছে সিইও দফতর।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা-সমেত আরও কয়েকটি জেলায় এখনও উল্লেখযোগ্য পরিমাণ শুনানির কাজ বাকি রয়েছে। মূলত ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ তালিকায় বিপুল সংখ্যক ভোটারের নাম অন্তর্ভুক্ত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে শুনানি সম্পূর্ণ করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিকরা। সেই কারণেই অতিরিক্ত সাত দিন সময় চেয়ে সিইও দফতরে আবেদন করা হয়েছে।

তবে সময়সীমা বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নিয়ম অনুযায়ী, রাজ্যের সিইও দফতর সময় বাড়ানোর আবেদন কমিশনের কাছেই পাঠাচ্ছে। যদিও একাধিক জেলার আবেদনের বিষয়ে সরাসরি কিছু জানানো হয়নি, তবু বৃহস্পতিবারও সিইও মনোজ কুমার আগরওয়াল দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই শুনানি পর্ব শেষ হবে।

সিইও দফতর সূত্রে খবর, রাজ্যে মোট এক কোটি ৫১ লক্ষের কিছু বেশি শুনানির নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় এক কোটি ৩০ লক্ষ ভোটারের শুনানি সম্পূর্ণ হয়েছে। বাকি কাজ আগামী এক দিনের মধ্যে শেষ হবে বলে আশাবাদী সিইও দফতর। তবে নতুন করে সময় বাড়ানোর আবেদন জমা পড়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো শুনানি শেষ করা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।


Share