RG Kar Corruption Case

আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দিল ইডি, নাম রয়েছে সন্দীপ ঘোষ-সহ চার জনের

২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিকেলের ধর্ষণ এবং খুনের ঘটনায় পরে দুর্নীতির অভিযোগ ওঠে। হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। পরে সেই এফআইআরের সূত্র ধরে ইডি ইসিআইআর দায়ের করে ইডি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৮

আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতে ইডি চার্জশিট দাখিল করেছে। কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ-সহ চার জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এটাই এই মামলার ইডির প্রথম চার্জশিট।

ইডি সূত্রের খবর, তাদের অভিযোগপত্রে মোট চার জনের নাম উল্লেখ করেছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম রয়েছে। সন্দীপ ঘোষ ছাড়া সুমন হাজরা, বিপ্লব সিংহের নাম রয়েছে। সুমন এবং বিপ্লব হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করতেন। সুমনের সংস্থা ‘হাজরা মেডিকেল’-এর নাম চার্জশিটে রয়েছে বলে জানা গিয়েছে।

ইডির তদন্তে উঠে এসেছে, সন্দীপ ঘোষের নেতৃত্বে কিছু বেসরকারি ঠিকাদারের সঙ্গে যোগসাজশে হাসপাতালের বিভিন্ন কাজের জন্য বেআইনি ভাবে চুক্তি করা হয়। টেন্ডার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে নির্দিষ্ট সংস্থাকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এমনকী, মোটা অঙ্কের টাকার বিনিময়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এই দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে। তা আর্থিক তছরুপ আইনের আওতায় অপরাধ বলে দাবি করেছে ইডি।

২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিকেলের ধর্ষণ এবং খুনের ঘটনায় পরে দুর্নীতির অভিযোগ ওঠে। হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। পরে সেই এফআইআরের সূত্র ধরে ইডি ইসিআইআর দায়ের করে ইডি।


Share