Arrest TMC Leader

বাংলাদেশি পাচারকারীদের জেরায় উঠে এল নাম, ১৫ বছরের পুরনো চক্রের ‘মূল পান্ডা’ সন্দেহে গ্রেফতার তৃণমূল নেতা শাহজাহান আলি

অভিযুক্তের নাম শাহজাহান আলি। বুধবার ভোরে চৈনগর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৬:৪৭

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার কেটে গরু ও মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হেমতাবাদের এক প্রভাবশালী তৃণমূল নেতা শাহজাহান আলি। অভিযুক্ত নেতা করণদিঘির প্রাক্তন বিধায়ক গৌতম পাল এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ বলে পরিচিত। বুধবার ভোরে চৈনগর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বামর বিএসএফ ক্যাম্প (বিওপি) এলাকায় কাঁটাতার কেটে গরু পাচারের সময় ধরা পড়া দুই বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করে শাহজাহান আলির নাম সামনে আসে। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পাবলিক প্রপার্টি ড্যামেজ প্রিভেনশন আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। বিএসএফের ৬৩ নম্বর ব্যাটালিয়নের দাবি, গত প্রায় ১৫ বছর ধরে শাহজাহান আলি সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে বলেও অভিযোগ। অতীতে ভোটে অনিয়ম এবং পুলিশের গাড়ি ভাঙচুরের মতো একাধিক গুরুতর অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে।

বুধবার বিকেলে রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে ধৃতকে পেশ করা হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের দাবি, শাহজাহানের নেতৃত্বাধীন পাচারচক্রে প্রায় ৭০ জন সদস্য রয়েছে, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। বাজেয়াপ্ত করা মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখে চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।


Share