Murder

উত্তর দিনাজপুরে জমি বিবাদের জেরে ছুরিকাঘাতে কাকার মৃত্যু, গ্রেফতার ভাইপো-সহ তিনজন

জমি সংক্রান্ত বিবাদের জেরে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের শ্রীপুর বাজার এলাকায় ভাইপোর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত ভাইপো-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গোয়ালপোখর
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৬

জমি সংক্রান্ত বিবাদের জেরে নিজের বাড়ির উঠোনেই ভাইপোর ছুরিকাঘাতে এক ব্যক্তি প্রাণ হারান। রবিবার রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর (১) ব্লকের সাহাপুর (২) পঞ্চায়েতের শ্রীপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার তদন্ত শুরু করে।

নিহত ব্যক্তির নাম সুজিত রায়। তিনি শ্রীপুর বাজার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ভাইপো অপূর্ব রায়-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন অধীর রায় এবং তাঁর দুই ছেলে অপূর্ব রায় ও অভয় রায়। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল দুই ভাইয়ের মধ্যে। তাঁদের নাম কমল রায় ও অধীর রায়। অভিযোগ, প্রায় তিন শতক জমির দখল নিয়ে রবিবার রাতে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আচমকাই অধীর রায়ের ছেলে অপূর্ব রায় ধারালো অস্ত্র দিয়ে কাকা সুজিত রায়ের উপর হামলা চালান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে পুলিশ বাজার এলাকা থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। তল্লাশি চালিয়ে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা জানান, “খুনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।”


Share