Missing

ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, ২৪ পরে খোঁজ না মেলায় থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ

ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:১২

ডাক্তার দেখাতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। জলপাইগুড়ির দশতলা হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেছে। তবুও তাঁর কোনও সন্ধান মেলেনি। শেষমেশ বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি গত ৯ তারিখ সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। গৃহবধূর বয়স মাত্র ২৯। তাঁর বিয়ে হয়েছে ক্রান্তি এলাকায়। সম্প্রতি চাত্রার পাড় এলাকায় একটি মেলা বসায় কয়েকদিন আগে তিনি বাবার বাড়িতে এসেছিলেন। সেই সময় আচমকাই তিনি বাবাকে জানান, জলপাইগুড়ির দশতলা হাসপাতালে ডাক্তার দেখাতে যাবেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই আর তাঁর কোনও খোঁজ মেলেনি।

মেয়ের হদিশ না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। মাকে না পেয়ে তাঁর কন্যা সন্তানও কান্নায় ভেঙে পড়েছে। গৃহবধূর বাবা জানান, অনেক খোঁজাখুঁজির পরও মেয়ের সন্ধান মেলেনি। তাই মঙ্গলবার তাঁরা ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share